নির্বাচনী প্রচারণায় পোস্টার নিষিদ্ধ: আচরণবিধি মানতে ইসি’র কঠোর নির্দেশ
ডেস্ক রিপোর্ট: আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সকল রিটার্নিং অফিসারকে আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।
ইসি সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, “সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫”-এর বিধি ৭(ক) অনুযায়ী নির্বাচনী প্রচারণায় কোনো ধরনের পোস্টার ব্যবহার করা যাবে না।
বিধিমালায় লিফলেট, হ্যান্ডবিল, পোস্টার, ফেস্টুন, ব্যানার ও বিলবোর্ড ব্যবহারের বিষয়ে স্পষ্ট নির্দেশনা রয়েছে। এর মধ্যে পোস্টার সম্পূর্ণ নিষিদ্ধ।
নির্দেশনায় আরও বলা হয়েছে, কোনো প্রার্থী যাতে পোস্টার মুদ্রণ বা ব্যবহার করতে না পারেন সে বিষয়ে প্রিন্টিং প্রেসগুলোকেও প্রয়োজনীয় নির্দেশনা দিতে বলা হয়েছে।
ইসি বলছে, আচরণবিধি প্রতিপালন নিশ্চিত হলে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও সমতাভিত্তিক রাখা সহজ হবে।
