রেড চিটাগাং ক্যাটল সংরক্ষণ জরুরি, দুধ আমদানি কমাতে দেশীয় উৎপাদন বাড়ানোর আহ্বান
ডেস্ক রিপোর্ট: রেড চিটাগাং ক্যাটল (আরসিসি) জাত সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, এটি বাংলাদেশের অমূল্য দেশীয় গবাদিপশু সম্পদ। চট্টগ্রামকে ‘লাল গরুর দেশ’ উল্লেখ করে তিনি বলেন, দুধ উৎপাদন তুলনামূলক কম হলেও মাংসের গুণগত মান ও জাতগত বৈশিষ্ট্যের দিক থেকে এ জাতের তুলনা বিশ্বে বিরল। তাই এ জাত সংরক্ষণ অত্যন্ত জরুরি।
বুধবার চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহায় ‘চট্টগ্রাম অঞ্চলে ডেইরি খাতের উন্নয়ন: সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি জানান, বাংলাদেশ প্রতিবছর প্রায় ৫ হাজার কোটি টাকা ব্যয় করে গুঁড়া দুধ আমদানি করে। এ অর্থ দেশীয় উৎপাদনে বিনিয়োগ করলে আমদানি নির্ভরতা কমবে এবং ভেজাল ঝুঁকিও হ্রাস পাবে।
খামারিদের জন্য ২০ শতাংশ বিদ্যুৎ বিল রেয়াত ও ১০০ কোটি টাকা ভর্তুকি দেওয়ার উদ্যোগের কথাও জানান উপদেষ্টা। তিনি খামারি নিবন্ধনের ওপর জোর দিয়ে বলেন, অনলাইন নিবন্ধনের মাধ্যমে সঠিক তথ্যভিত্তিক নীতিনির্ধারণ সহজ হবে। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) খামারিদের প্রশিক্ষণ ও সংগঠিত করতে ভূমিকা রাখছে বলেও উল্লেখ করেন তিনি।
নারী, শিশু ও বয়স্কদের পুষ্টি নিশ্চিত করতে দুধের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দুধ হাড়ের স্বাস্থ্য রক্ষায় সহায়ক। স্কুল ফিডিং প্রোগ্রামের মাধ্যমে শিশুদের পুষ্টি ও মেধা বিকাশে ইতিবাচক প্রভাব পড়ছে বলেও জানান।
