জয়পুরহাটে পিআইবি’র নির্বাচনকালীন সাংবাদিকতা প্রশিক্ষণ সমাপ্ত
ডেস্ক রিপোর্ট: প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে জয়পুরহাট ও গাইবান্ধা জেলার সাংবাদিকদের নিয়ে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দু’দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। বুধবার বেলা ১১টায় জয়পুরহাট সদর উপজেলা পরিষদের হলরুমে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক উর রহমান। প্রশিক্ষণ কর্মসূচিতে সমন্বয়কের দায়িত্ব পালন করেন পিআইবি’র প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন এবং রিসোর্স পার্সন হিসেবে সেশন পরিচালনা করেন অনলাইন নিউজ পোর্টাল ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুন জামিল।
প্রশিক্ষণে নির্বাচনকালীন সংবাদ প্রতিবেদন তৈরির খুঁটিনাটি বিষয়, সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল এবং প্রাসঙ্গিক নির্বাচনী আইন ও বিধিমালা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। সংবাদ পরিবেশনে নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা ও স্বচ্ছতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
জয়পুরহাট ও গাইবান্ধা জেলার বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত ৫০ জন সাংবাদিক এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
