জোনায়েদ সাকি: বিএনপি হ্যাঁ ভোটের প্রচার করছে না, এটা মিথ্যা
ডেস্ক রিপোর্ট: গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের বিএনপি-জোট সমর্থিত প্রার্থী জোনায়েদ সাকি বলেছেন, বিএনপি হ্যাঁ ভোটের প্রচার করছে না—এটি সম্পূর্ণ মিথ্যা। মঙ্গলবার বিকেলে বাঞ্ছারামপুর উপজেলার সুটকিকান্দিতে নির্বাচনী জনসভা ও গণসংযোগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
জোনায়েদ সাকি বলেন, বাংলাদেশের জন্য ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত রাষ্ট্র গণতন্ত্র ও মানুষের অধিকারের প্রতীক। অথচ স্বাধীনতার ৫৪ বছর পরও ভোটাধিকার সংকট থেকে বের হওয়া সম্ভব হয়নি। ভোট ব্যবস্থাকে কলুষিত বা নস্যাৎ করার চেষ্টা দেশের মানুষ মেনে নেবে না।
তিনি আরও বলেন, জনগণের ভোটে বিজয়ী হওয়ার মধ্য দিয়ে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা আমাদের লড়াই। নির্বাচন ও সংবিধান সংস্কার পরিপূরক; গণভোট ও জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো মৌলিক সংস্কার বাস্তবায়ন সম্ভব নয়। দীর্ঘদিন ধরে নির্বাচনকে সংস্কারের বিপরীতে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে জোনায়েদ সাকিসহ মোট ১০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৮৯ হাজার ৬৭৪ জন।
