ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে পথসভা ও লিফলেট বিতরণ
ডেস্ক রিপোর্ট: ঢাকা-১৭ নির্বাচনী আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে এ পথসভা ও নির্বাচনী মিছিল আয়োজন করা হয়।
জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা-১৭ আসনে বিএনপির মিডিয়া কমিটির আহ্বায়ক মোস্তফা কামাল মজুমদার। এসময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।
বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান তুলে ধরে আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তারা দাবি করেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ উন্নয়ন ও সুশাসনের পথে এগোবে এবং দুর্নীতি ও চাঁদাবাজি কমবে।
সরকারি তিতুমীর কলেজের সামনে পথসভা শেষে একটি মিছিল বের হয়ে মহাখালী ওয়্যারলেস গেট থেকে কড়াইল বস্তির বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করে। এসময় স্থানীয় বাসিন্দাদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।
