চাঁদাবাজদেরও ‘সম্মানের কাজ’ দেওয়ার কথা বললেন জামায়াত আমির শফিকুর রহমান
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, তারা যদি অভাবের কারণে এমন কাজ করে থাকেন, তবে তাদের বুকে টেনে নিয়ে সম্মানের কাজ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, আল্লাহ প্রদত্ত রিজিক ভাগাভাগি করে খেতেও তিনি রাজি।সোমবার (২৬ জানুয়ারি) কুষ্টিয়ায় এক নির্বাচনী সমাবেশে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
তিনি অভিযোগ করেন, অনেক ক্ষেত্রে রাজনৈতিক প্রতিপক্ষ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে এবং এসব মামলাকে কেন্দ্র করে বাণিজ্যও চলছে। তিনি দাবি করেন, জামায়াত কাউকে মিথ্যা মামলায় জড়ায়নি।নির্বাচনী প্রচারণার সময় নারী নির্যাতনের অভিযোগ তুলে তিনি বলেন, মা-বোনদের সম্মান রক্ষায় তারা প্রতিশ্রুতিবদ্ধ।
কুষ্টিয়ার চালকল এলাকায় চাঁদাবাজির বিষয়েও ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, প্রতিটি ট্রাক থেকে অবৈধভাবে অর্থ আদায় করা হয়, যা ব্যবসায়ী ও চালকদের জন্য দুর্ভোগ তৈরি করছে।
তিনি আরও বলেন, দেশে মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিত করা গেলে চাঁদাবাজির মতো অপরাধ কমে আসবে। আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি ভোটারদের সামনে তাদের প্রতীক “দাঁড়িপাল্লা” বিবেচনার আহ্বান জানান।
