ডেস্ক রিপোর্ট: বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ ও শহীদদের কবরে শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান।শনিবার সকালে তিনি শহরের সাতমাথা এলাকায় অবস্থিত ‘৩৬ জুলাই স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় তিনি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, পুলিশ সুপার শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. ফারজানা আকতার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু সুফিয়ানসহ জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জুলাই আন্দোলনে আহত যোদ্ধারা।
পরে উপদেষ্টা শহরের নামাজগড় কবরস্থানে গিয়ে জুলাই আন্দোলনে শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন এবং তাদের আত্মার শান্তি কামনায় দোয়া করেন।শ্রদ্ধা নিবেদন শেষে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক সভায় যোগ দেন।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রম এবং স্থিতিশীলতা বজায় রাখা নিয়ে আলোচনা হয়।এ সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
