ডেস্ক রিপোর্ট: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ ধর্ম ও বর্ণভেদে নয়, এটি সকল মানুষের জন্য নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি।সরস্বতী পূজা উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি হিন্দু সম্প্রদায়ের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তিনি বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। হাজার বছর ধরে এই দেশে ধর্ম, জাতি ও বর্ণ নির্বিশেষে মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যে মিলেমিশে বসবাস করছে।”প্রধান উপদেষ্টা আরও বলেন, হিন্দু ধর্মমতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানের প্রতীক, যিনি আমাদের অজ্ঞতার অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান।
তিনি আশা প্রকাশ করেন, সরস্বতী পূজার এই পবিত্র সময়ে আমাদের শিক্ষা শুধু নিজের জন্য নয়, সমাজের উন্নতির জন্যও কাজে লাগুক। আমরা যেন আমাদের জ্ঞান দিয়ে অন্যকে সাহায্য করি, দুর্বলদের পাশে দাঁড়াই এবং একটি সুন্দর সমাজ গড়ে তুলি।তিনি হিন্দু ধর্মাবলম্বীসহ বাংলাদেশের সকল নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।
