ডেস্ক রিপোর্ট: লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জে শাহরিয়ার তানভীর নামে এক ছাত্রদল কর্মীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।
নিহত শাহরিয়ার তানভীর ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের ভূঁইয়া বাড়ির হোসেন আহমেদের ছেলে। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব বায়েজিদ হোসেন ভূঁইয়ার ছোট ভাই বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে সংগঠনের অভ্যন্তরীণ কিছু বিষয়কে কেন্দ্র করে তানভীর মানসিক চাপে ভুগছিলেন। ঘটনার আগে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে নিজের মানসিক কষ্টের কথা তুলে ধরেন এবং সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন। এর কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাঁকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তানভীরের মৃত্যুতে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম আজাদ বলেন, “তানভীর ছাত্রদলের একজন সক্রিয় কর্মী ছিলেন। তাঁর অকালমৃত্যু আমাদের জন্য বেদনাদায়ক।”
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
