ডেক্স রিপোর্ট: ইসরায়েলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে রাজধানী তেল আবিব। হামাসের ৭ অক্টোবরের হামলার পেছনের ব্যর্থতা ও সিদ্ধান্তপ্রক্রিয়া তদন্তে একটি স্বাধীন রাষ্ট্রীয় কমিশন গঠনের দাবিতে হাজারো মানুষ রাস্তায় নেমে আসে। দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী, রোববার অনুষ্ঠিত এই বিক্ষোভে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, গাজায় যুদ্ধের সূত্রপাত ঘটানো ওই হামলার দায় স্বীকার বা কোনো ধরনের রাজনৈতিক জবাবদিহি এড়িয়ে যাচ্ছে নেতানিয়াহু প্রশাসন। এ কারণে সরকারপ্রধানের নেতৃত্ব নিয়ে জনমনে আস্থার সংকট তৈরি হয়েছে। আন্দোলনকারীরা নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান দেন এবং তার পদত্যাগের দাবি জানান।
বিক্ষোভ চলাকালে অনেককে ইসরায়েলের জাতীয় পতাকা শরীরে জড়িয়ে প্রতিবাদ জানাতে দেখা যায়। কেউ কেউ নেতানিয়াহুর ব্যঙ্গাত্মক মুখোশ পরে সরকারের সমালোচনা করেন। একই সঙ্গে হামাসের হাতে জিম্মি হওয়া শেষ ইসরায়েলির মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবিও তোলা হয়।
বিশ্লেষকরা বলছেন, চলমান যুদ্ধ, জিম্মি ইস্যু এবং রাজনৈতিক দায়বদ্ধতা নিয়ে অসন্তোষ মিলিয়ে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে চাপ বাড়ছে। এই বিক্ষোভ দেশটির রাজনৈতিক অস্থিরতা আরও গভীর করতে পারে বলে মনে করছেন তারা।
israel-protest-demanding-netanyahu-resignation
