ডেস্ক রিপোর্ট :ঢাকা, ১৪ জানুয়ারি ২০২৬ জাতীয় নির্বাচনের অজুহাতে নিরাপত্তা ইস্যু তুলে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন স্থগিতের সিদ্ধান্তকে অগণতান্ত্রিক বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভাইস প্রেসিডেন্ট সাদিক কায়েম।
বুধবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
এ সময় ডাকসুর এজিএস মহিউদ্দিন খান, কার্যনির্বাহী সদস্য মিফতাহ হোসাইন আল মারুফসহ প্রতিনিধি দলের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
সাদিক কায়েম বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, আর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নির্ধারিত রয়েছে ২০ জানুয়ারি। এই দুটি নির্বাচনের মধ্যে প্রায় তিন সপ্তাহ সময় ব্যবধান রয়েছে। তিনি বলেন, “এত সময় থাকা সত্ত্বেও নিরাপত্তার অজুহাত দেখিয়ে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দেওয়া কোনোভাবেই যুক্তিসংগত হতে পারে না। এটি শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার হরণ করার শামিল।”
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা যাকে প্রতিনিধি হিসেবে নির্বাচন করতে চান, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাদেরই রয়েছে। এ ধরনের একতরফা সিদ্ধান্ত ছাত্রসমাজ মেনে নেবে না বলেও তিনি উল্লেখ করেন।ডাকসু ভিপি বলেন, জুলাই বিপ্লবের অন্যতম দাবি ছিল দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন নিশ্চিত করা। এরই ধারাবাহিকতায় ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু এবং সর্বশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
এসব নির্বাচন দেশের ক্যাম্পাসগুলোতে গণতান্ত্রিক চর্চা পুনঃপ্রতিষ্ঠার একটি ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করেছে বলে তিনি মন্তব্য করেন।তিনি জানান, নির্বাচন কমিশনের একটি সাম্প্রতিক প্রজ্ঞাপনের মাধ্যমে শাবিপ্রবির নির্বাচন স্থগিতের যে উদ্যোগ নেওয়া হয়েছিল, সে বিষয়ে আজ সিইসি ও কমিশনের সচিবের সঙ্গে গঠনমূলক আলোচনা হয়েছে। আলোচনায় কমিশন কর্তৃপক্ষ তাদের আশ্বস্ত করেছে যে, বিশ্ববিদ্যালয় প্রশাসন বা প্রার্থীদের পক্ষ থেকে আবেদন করা হলে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে নির্ধারিত সময়েই নির্বাচন আয়োজনের ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে ডাকসুর এজিএস মহিউদ্দিন খান বলেন, নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন জারির পর শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি ও উদ্বেগ তৈরি হয়েছিল। সেই উদ্বেগগুলো কমিশনের সামনে তুলে ধরা হলে কমিশন নির্ধারিত তারিখেই শাবিপ্রবির ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশ্বাস দিয়েছে।
