ডেস্ক রিপোর্ট:ঢাকা, ১৪ জানুয়ারি ২০২৬ রাজধানীর উত্তরা টঙ্গী ব্রিজ সংলগ্ন এলাকায় একটি শিল্প প্রতিষ্ঠানের গ্যাস সার্ভিস লাইনে উচ্চচাপজনিত ত্রুটির কারণে গ্যাস লিকেজের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিরাপত্তাজনিত কারণে উত্তরার বিতরণ মেইন লাইনের একটি অংশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১২ ইঞ্চি ব্যাসের বিতরণ মেইন লাইনের সঙ্গে সংযুক্ত একটি ভাল্ভ ক্ষতিগ্রস্ত হওয়ায় তাৎক্ষণিকভাবে লাইন শাটডাউন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ক্ষতিগ্রস্ত ভাল্ভটি পরিবর্তনের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। মেরামত কার্যক্রম চলাকালীন উত্তরা, উত্তরখান, দক্ষিণখানসহ পার্শ্ববর্তী কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, কাজ শেষ হলে দ্রুততম সময়ের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এই বিঘ্নের জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।
