সাব্বির হোসেন, লালমনিরহাট জেলা প্রতিনিধি: বাংলাবান্ধা থেকে পায়ে হেঁটে দেশ ভ্রমণের স্বপ্ন নিয়ে পথে নেমেছিলেন পর্যটক সাদিয়া সুলতানা। কিন্তু সেই স্বপ্ন লালমনিরহাটে এসে এক তিক্ত অভিজ্ঞতায় রূপ নিয়েছে। গত ১২ জানুয়ারি লালমনিরহাটের মহেন্দ্রনগর এলাকায় এক ব্যক্তির হাতে হেনস্তার শিকার হন তিনি। তবে অভিযোগ পাওয়ার দ্রুততম সময়ের মধ্যে অভিযুক্ত আবুল কালামকে (৪৫) গ্রেফতার করেছে জেলা পুলিশ।
জানা গেছে, পর্যটক সাদিয়া সুলতানা পঞ্চগড়ের বাংলাবান্ধা থেকে পায়ে হেঁটে সারা দেশ ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। গত সোমবার (১২ জানুয়ারি) তিনি লালমনিরহাটের মহেন্দ্রনগর ইউনিয়নে পৌঁছান। সেখানে একটি স্থানে ওয়াশরুম ব্যবহার করতে গেলে স্থানীয় আবুল কালাম তাকে উত্যক্ত ও শারীরিকভাবে হেনস্তা করেন বলে অভিযোগ ওঠে।
ঘটনার পরপরই সাদিয়া সুলতানা তার ফেসবুক পেজের মাধ্যমে একটি খুদেবার্তায় হেনস্তার বিষয়টি প্রকাশ করেন। মুহূর্তের মধ্যেই খবরটি স্থানীয় নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পর্যটকের নিরাপত্তার প্রশ্নে সামাজিক মাধ্যমে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় এবং দ্রুত প্রতিকার দাবি জানানো হয়।
বিষয়টি নজরে আসার সাথে সাথেই লালমনিরহাট সদর থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মাঠে নামে। সোমবার রাতেই সদর থানা ও ডিবি পুলিশের একটি যৌথ দল মহেন্দ্রনগর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত আবুল কালামকে গ্রেফতার করে।
ঘটনা সম্পর্কে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, “পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। বিশেষ করে একজন নারী পর্যটকের সাথে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অভিযোগ পাওয়ার সাথে সাথেই আমরা অভিযুক্তকে আইনের আওতায় এনেছি।”
গ্রেফতারকৃত আবুল কালামের বিরুদ্ধে যথাযথ ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। এদিকে, এই ঘটনা লালমনিরহাটের পর্যটন এলাকাগুলোতে নারী পর্যটকদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। স্থানীয় সচেতন নাগরিক ও পর্যটন সংশ্লিষ্টরা ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়েছেন।
