ডেক্স রিপোর্ট: ভারতীয় পর্যটকদের জন্য ট্যুরিস্ট ভিসা বন্ধ। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ভারতীয় নাগরিকদের জন্য বাংলাদেশে পর্যটক ভিসা প্রদান আপাতত পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, ৭ জানুয়ারি ২০২৬ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এর ফলে বর্তমানে ভারতের কোনো স্থান থেকেই বাংলাদেশে ভ্রমণের জন্য পর্যটক ভিসা পাওয়া যাচ্ছে না।
আনন্দবাজার পত্রিকা জানায়, দিল্লি ও আগরতলায় অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে আগেই পর্যটক ভিসা দেওয়া বন্ধ ছিল। কলকাতার বাংলাদেশ উপদূতাবাসে সীমিত পরিসরে ভিসা কার্যক্রম চালু থাকলেও ৭ জানুয়ারি ২০২৬ থেকে সেটিও স্থগিত করা হয়েছে। এতে করে গোটা ভারতে বাংলাদেশে পর্যটক হিসেবে প্রবেশের পথ কার্যত বন্ধ হয়ে গেল।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাতে আনন্দবাজার পত্রিকা জানায়, নিরাপত্তাজনিত ঝুঁকির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপড়েন চলছে। সামনে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে—এমন আশঙ্কাও রয়েছে কূটনৈতিক মহলে।
এই প্রেক্ষাপটে সাধারণ ভারতীয় পর্যটকদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকায় সাময়িকভাবে পর্যটক ভিসা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, নির্বাচনকালীন সময় শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকতে পারে। ফেব্রুয়ারির শেষ নাগাদ পরিস্থিতি স্বাভাবিক না হলে ভিসা কার্যক্রম পুনরায় চালু হওয়ার সম্ভাবনা কম।
তবে পর্যটক ভিসা বন্ধ থাকলেও কর্মসূত্রে বাংলাদেশে যাওয়ার জন্য এমপ্লয়মেন্ট ভিসা, ব্যবসায়িক কাজে বিজনেস ভিসা এবং সাংবাদিকদের জন্য মিডিয়া ভিসা প্রদান অব্যাহত থাকবে। এসব ভিসা বহুস্তরীয় যাচাই-বাছাইয়ের মাধ্যমে দেওয়া হয়, ফলে নিরাপত্তা নিশ্চিত করা তুলনামূলক সহজ বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বিশেষ পরিস্থিতিতে দূতাবাস বা উপদূতাবাসের বিবেচনায় সীমিত পরিসরে ভিসা দেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে কূটনৈতিক সূত্র।
