ডেক্স রিপোর্ট: রাজধানীর বুকে আবারও রক্তাক্ত রাজনীতি। বুধবার রাত সাড়ে ৮টার দিকে তেজগাঁওয়ের তেজতুরি বাজার এলাকায় প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে একের পর এক গুলি ছোড়ে। অন্তত পাঁচ রাউন্ড গুলি তার শরীরে লাগে।
গুরুতর আহত অবস্থায় মুছাব্বিরকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই ঘটনায় তার সঙ্গে থাকা আবু সুফিয়ান নামের আরেক ব্যক্তি গুলিবিদ্ধ হন। তিনি বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে কারওয়ান বাজার ও আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ লোকজন সার্ক ফোয়ারা মোড়ে সড়ক অবরোধ করলে যান চলাচলে বিঘ্ন ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটনে তদন্ত চলছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
