ডেক্স রিপোর্ট: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রতীক বরাদ্দের আগে কোনো রাজনৈতিক দল, প্রতিদ্বন্দ্বী প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না বলে স্পষ্টভাবে জানিয়েছে কমিশন।
সোমবার (৫ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ পরিচালক ও তথ্য কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রতীক বরাদ্দের আগ পর্যন্ত সব ধরনের প্রচারণা থেকে বিরত থাকতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ সম্পন্ন হওয়ার পর থেকেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি মেনে প্রচারণা চালাতে পারবেন। পাশাপাশি ভোটগ্রহণের নির্ধারিত তারিখ ১২ ফেব্রুয়ারি সামনে রেখে ভোটের ৪৮ ঘণ্টা আগে সব ধরনের নির্বাচনী প্রচারণা বন্ধ করতে হবে।
নির্বাচন কমিশনের এই নির্দেশনা মানা না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে সবাইকে আচরণবিধি অনুসরণ করার আহ্বান জানিয়েছে ইসি।
