ডেক্স রিপোর্ট: কয়েক দফা স্থগিতের পর আজ অবশেষে অনুষ্ঠিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৩টা পর্যন্ত। দীর্ঘদিন পর শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচনের এই আয়োজনকে ঘিরে জবি ক্যাম্পাসে উৎসাহ ও উত্তেজনা বিরাজ করছে।
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি এবং হল সংসদের জন্য পৃথক ভোটকেন্দ্র নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। প্রতি ১০০ জন শিক্ষার্থীর জন্য একটি করে ভোটগ্রহণ বুথ স্থাপন করা হয়েছে, যাতে ভোটাররা স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারেন। ভোটগ্রহণ শেষে ৬টি ওএমআর মেশিনের মাধ্যমে দ্রুত ও নির্ভুলভাবে ভোট গণনা করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এর আগে জকসু ও হল সংসদ নির্বাচন দুই দফা পিছিয়ে দেওয়া হয়। সর্বশেষ গত বছরের ৩০ ডিসেম্বর নির্বাচন শুরুর দিন ভোরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে জরুরি সিন্ডিকেট সভার মাধ্যমে ভোট স্থগিত করা হয়। পরে শিক্ষার্থীদের আন্দোলন ও দাবির মুখে আবারও জরুরি সিন্ডিকেট সভা ডেকে আজ ৬ জানুয়ারি নতুন তারিখ নির্ধারণ করা হয়।
দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত এই নির্বাচনের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিনিধিত্ব ও গণতান্ত্রিক চর্চা আরও শক্তিশালী হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
