নিজস্ব প্রতিবেদক: জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় গাজীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন।
এর আগে, সোমবার দুপুরে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক শুনানি শেষে তাহরিমা জান্নাত সুরভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ওই আদেশের পর আদালত পাড়ায় জুলাই অভ্যুত্থানকারী ছাত্র-শ্রমিক-জনতার ব্যানারে জড়ো হয়ে বিক্ষোভ করেন জাতীয় ছাত্র শক্তির নেতাকর্মীরা। অবিলম্বে সুরভীকে মুক্তি না দেয়া হলে সারা দেশে ব্লকেড কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। একপর্যায়ে এজলাসে বিচারক শুনানি শেষে সুরভী রিমান্ড মঞ্জুর করলে উত্তেজিতরা এজলাসের ফটকে বিক্ষোভ করতে থাকেন।
আদালত থেকে প্রিজনভ্যানে তোলার সময় তাহরিমা জান্নাত সুরভী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘তদন্ত ছাড়া আমারে রিমান্ডে দিছে। ম্যাজিস্ট্রেট কোটে কোনো তদন্ত রিপোর্ট দেয়নি। কোনো রকম তদন্ত ছাড়াই আমারে রিমান্ডে দিছে।’
এর আগে, গত ২৫ ডিসেম্বর রাতে চাঁদাবাজির মামলায় টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
