ডেক্স রিপোর্ট: দেশের ডিজিটাল আর্থিক সেবাখাতে স্বচ্ছতা ও নিরাপত্তা জোরদার করতে কঠোর পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি), পেমেন্ট সিস্টেম অপারেটর (পিএসও) ও ইউটিলিটি সার্ভিস প্রোভাইডারসহ সব লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের জন্য বিস্তারিত ও নির্ভুল আর্থিক প্রতিবেদন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।
সোমবার জারি করা এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক জানায়, দেশের পেমেন্ট সিস্টেমে স্থিতিশীলতা নিশ্চিত করা এবং গ্রাহকের অর্থের নিরাপত্তা রক্ষাই এ নির্দেশনার মূল উদ্দেশ্য। এসব প্রতিষ্ঠান সাধারণত তফসিলি ব্যাংকের মাধ্যমে ট্রাস্ট ও সেটেলমেন্ট অ্যাকাউন্ট পরিচালনা করে। তাই এসব অ্যাকাউন্টে থাকা অর্থ, ই-মানি ও মার্চেন্ট দায় সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য নিয়মিত প্রতিবেদন আকারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন বিধান অনুযায়ী, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দৈনিক ভিত্তিতে গুরুত্বপূর্ণ আর্থিক তথ্য সংরক্ষণ করতে হবে। এর মধ্যে ট্রাস্ট ও সেটেলমেন্ট অ্যাকাউন্টের স্থিতি, বিনিয়োগের বিবরণ, ট্রাস্ট ফান্ডস ইন ট্রানজিট এবং ই-মানি ও মার্চেন্ট দায়ের বিস্তারিত হিসাব অন্তর্ভুক্ত থাকবে। নির্ধারিত টেমপ্লেট ব্যবহার করে পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগে এসব তথ্য জমা দিতে হবে।
কেন্দ্রীয় ব্যাংক স্পষ্ট করে জানিয়েছে, তথ্য প্রদানের দায় সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ওপর বর্তাবে। কোনো ধরনের ভুল, গোপন বা মিথ্যা তথ্য প্রদান করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট, ২০২৪ অনুযায়ী মিথ্যা তথ্য দেওয়া দণ্ডনীয় অপরাধ এবং প্রয়োজনে জরিমানাও আরোপ করা যাবে।
বাংলাদেশ ব্যাংক মনে করছে, এই উদ্যোগ ডিজিটাল আর্থিক সেবায় শৃঙ্খলা ফিরিয়ে আনবে, গ্রাহকের আস্থা বাড়াবে এবং দেশের পেমেন্ট ব্যবস্থাকে আরও শক্ত ভিত্তির ওপর দাঁড় করাবে।
