ডেস্ক রিপোর্ট: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি অন্তত ১৫টি আসনে প্রার্থিতায় পরিবর্তন এনেছে। মাঠপর্যায়ের জরিপ, দলীয় অসন্তোষ ও রাজনৈতিক সমীকরণ বিবেচনায় নিয়ে ‘ধানের শীষের বিজয়’ নিশ্চিত করতেই এ রদবদল করা হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে। কয়েকটি আসনে বিকল্প প্রার্থীরাও মনোনয়নপত্র জমা দিয়েছেন; এমনকি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র নেতাদের আসনেও বিকল্প মনোনয়ন পড়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করবেন। ঢাকা-১৭ -এর প্রধান সমন্বয়ক করা হয়েছে আবদুস সালামকে। আগে ওই আসনে প্রচার শুরু করা আন্দালিব রহমান পার্থ এখন ভোলা সদর থেকে প্রার্থী হবেন।
সবচেয়ে বেশি পরিবর্তন এসেছে ঢাকা ও চট্টগ্রামে। ঢাকা-১২ আসনে বিএনপির বদলে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হককে প্রার্থী করা হয়েছে। নারায়ণগঞ্জ-৫ -এ আবুল কালাম মনোনয়ন পেয়েছেন। চট্টগ্রামে রাউজানসহ একাধিক আসনে নাটকীয় পরিবর্তন হয়েছে; চট্টগ্রাম-৬ -এ গোলাম আকবর খন্দকার, চট্টগ্রাম-৪ -এ আসলাম চৌধুরী এবং চট্টগ্রাম-১১ -এ সাঈদ আল নোমান প্রার্থী হয়েছেন। আমীর খসরু মাহমুদ চৌধুরীকে চট্টগ্রাম-১০ -এ স্থানান্তর করা হয়েছে।
এছাড়া বগুড়া-২, ব্রাহ্মণবাড়িয়া-৪, মুন্সীগঞ্জ-২ ও ৩, ঝিনাইদহ-১, নড়াইল-২, যশোরের কয়েকটি আসন ও মাদারীপুর-১ -এ নতুন প্রার্থী চূড়ান্ত হয়েছে। বিএনপি আগেই ২৭২ আসনে প্রার্থী ঘোষণা করলেও মিত্রদের জন্য ১৫টি আসন ছেড়েছে। দলের দাবি, ৩০০ আসনের মনোনয়ন চূড়ান্ত হলেও পরিবর্তনের কারণে পূর্ণ তালিকা একসঙ্গে প্রকাশ সম্ভব হয়নি।
