ডেস্ক রিপোর্ট: জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির নেতা ও অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পক্ষে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
রোববার বিকেলে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাঁর পক্ষে এ ফরম নেওয়া হয়।
মাহফুজ আলমের বাড়ি রামগঞ্জ উপজেলায়। উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময় থেকেই তিনি লক্ষ্মীপুর-১ আসন থেকে নির্বাচনে অংশ নিতে পারেন—এমন আলোচনা চলছিল। অবশেষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাঁর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে সেই গুঞ্জনের বাস্তবতা মিলল।
এদিকে একই আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মাহবুব আলমও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি মাহফুজ আলমের ভাই। তাঁদের বাবা আজিজুর রহমান বাচ্চু মোল্লা রামগঞ্জের ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
এ বিষয়ে জানতে চাইলে এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম বলেন, তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। দলের নেতা-কর্মীরা তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। একই দিনে মাহফুজ আলমের মনোনয়ন ফরমও সংগ্রহ করা হয়েছে বলে জানান তিনি।
