ডেস্ক রিপোর্ট: দীর্ঘ ১৭ বছর পর অবশেষে বাংলাদেশের মাটিতে পা রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনে তাকে স্বাগতম জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে করা ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘জনাব তারেক রহমান, স্বপরিবারে সুস্বাগতম!’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অন্যতম নেতা সারজিস আলমও তাকে স্বাগত জানিয়েছেন। তিনি তার স্ট্যাটাসে লেখেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রায় দেড় যুগ পর বাংলাদেশে ফিরছেন। স্বৈরাচারের পতন, পরিবর্তিত পরিস্থিতি, নানা উত্থান-পতন, রাজনৈতিক ক্রমধারার এক গুরুত্বপূর্ণ সময়ে, গুরুত্বপূর্ণ চরিত্রে তিনি আজ বাংলাদেশে আসছেন। আমরা ২৪-এর অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তাকে স্বাগত জানাই।’
দেশের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে চান বলে জানিয়েছেন সারজিস। তিনি বলেন, ‘পূর্ব অভিজ্ঞতা এবং বর্তমান বাস্তবতাকে সামনে রেখে বাংলাদেশের গণতান্ত্রিক লড়াই, আধিপত্যবাদবিরোধী লড়াই থেকে শুরু করে আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার পথে বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করে যাব, এটাই প্রত্যাশা। স্বাগতম।’
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জ থেকে বেরিয়ে পূর্বনির্ধারিত বাসে করে পূর্বাচলের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট) এলাকায় গণসংবর্ধনার সমাবেশস্থলে রওনা দিয়েছেন তারেক রহমান। তাকে একনজর দেখতে সড়কের পাশে অবস্থান নিয়েছেন সমর্থক ও নেতাকর্মীরা।
এর আগে দীর্ঘ প্রায় দেড় যুগ পর বৃহস্পতিবার (২৫ডিসেম্বর) বেলা ১১টা ৩৬ মিনিটে স্ত্রী-কন্যাসহ তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে।
বিমানবন্দরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্যরা তারেক রহমানকে স্বাগত জানান। সেখানে ইমিগ্রেশনের কাজ শেষে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান বিমানবন্দর থেকে বেরিয়ে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসর বেগম খালেদা জিয়াকে দেখতে রওনা হন।
এর কিছুক্ষণ পর বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জ থেকে বেরিয়ে এসে জুতা খুলে শিশির ভেজা ঘাসে পা রাখেন তারেক রহমান। এ সময় তিনি একমুঠো মাটিও হাতে তুলে নেন। এরপর বাসে করে রাজধানীর পূর্বাচলের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে গণসংবর্ধনাস্থলে রওনা হন তিনি।
এ সময় তাকে একনজর দেখতে সড়কের পাশে অবস্থান নিয়েছেন সমর্থক ও নেতাকর্মীরা। তারেক রহমানও হাসিমুখে হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানাচ্ছেন।
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে পূর্বাচলের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে এলাকায় গণসংবর্ধনার আয়োজন করেছে বিএনপি।
