ডেস্ক রিপোর্ট: বিশ্ব বিনোদন অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। প্রবীণ ফিলিস্তিনি অভিনেতা ও নির্মাতা মোহাম্মদ বকরী বুধবার (২৪ ডিসেম্বর) ৭২ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। তিনি হৃদরোগে ভুগছিলেন। সিএনএনসহ একাধিক গণমাধ্যম তার মৃত্যুর খবর প্রকাশ করেছে।
এদিকে বকরীর ছেলে, অভিনেতা সালেহ বকরী ইনস্টাগ্রামে শোক প্রকাশ করে লেখেন, ‘গভীর শোক ও দুঃখের সঙ্গে আমাদের প্রিয় পিতা, অভিনেতা মোহাম্মদ বকরীর মৃত্যুর খবর জানাচ্ছি।’
বুধবারই বরেণ্য এই অভিনেতা ও নির্মাতার জন্মস্থান বি’নেহতে জানাজা অনুষ্ঠিত হয়।
আশির দশকে ইসরায়েলে একজন ফিলিস্তিনি শিল্পী হিসেবে অভিনয়জীবন শুরু করেন মোহাম্মদ বকরী। আরবি ও হিব্রু উভয় ভাষায় থিয়েটার ও সিনেমায় অভিনয় করে তিনি নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান। গ্রিক-ফরাসি নির্মাতা কোস্টা-গাভ্রাস পরিচালিত ‘হানাকে’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটে তাঁর।
১৯৮৪ সালের আলোচিত ইসরায়েলি চলচ্চিত্র ‘বিয়ন্ড দ্য ওয়ালস’-এ অভিনয়ের জন্য তিনি আন্তর্জাতিকভাবে পরিচিতি পান; চলচ্চিত্রটি সেবছর একাডেমি অ্যাওয়ার্ডে মনোনয়নও পেয়েছিল।
অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও বকরী ছিলেন প্রতিবাদী কণ্ঠ। ২০০২ সালে নির্মিত তাঁর তথ্যচিত্র ‘জেনিন’ দখলকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি অভিযানের ধ্বংসযজ্ঞ তুলে ধরায় তীব্র বিতর্কের জন্ম দেয়। ছবিটি ইসরায়েলে নিষিদ্ধ করা হয়, যার বিরুদ্ধে দীর্ঘ আইনি লড়াই চালান বকরী। তবে ২০২২ সালে দেশটির সর্বোচ্চ আদালত তাঁর আপিল খারিজ করে।
