ডেস্ক রিপোর্ট: নরসিংদীর পলাশে একটি তাঁত কারখানার শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গরবার সকালে ডাঙ্গারদ ইউনিয়নের কেন্দুয়াবো গ্রামে কারখানাটির পাশ থেকে রক্তাক্ত মরদেহটি উদ্ধার করা হয় বলে পলাশ থানার ওসি শাহেদ আল মামুন জানান।
মৃত এমরান মিয়া কেন্দুয়াবো গ্রামের আমির ইসলামের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার বলছে, বাড়ির পাশে মোস্তফা নামে এক ব্যক্তির তাঁত কারখানায় শ্রমিকের কাজ করতেন এমরান। সোমবার রাতে তার নাইট ডিউটি ছিল। এমরান হঠাৎ কারখানা থেকে বের হয়ে গিয়ে আর ফিরে আসেননি।
ভোরে কারখানার এক শ্রমিক রাস্তার পাশে এমরানের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।
ওসি শাহেদ আল মামুন বলেন, “নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পূর্ব শত্রুতার জেরে এ হত্যার ঘটনা ঘটতে পারে।”
হত্যার রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।
