নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) শহরের চৌরাঙ্গী এলাকায় এ সংঘর্ষের ঘটনায় ককটেল বিস্ফোরণে অন্তত পাঁচজন আহত হন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যা ও খুলনায় শ্রমিক শক্তির কেন্দ্রীয় কমিটির সংগঠক মোতালেব শিকদারের ওপর গুলির প্রতিবাদ ও জড়িতদের বিচারের দাবিতে শহরের চৌরাঙ্গী এলাকা দিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে যাচ্ছিলেন এনসিপির নেতাকর্মীরা। মিছিলের মধ্যে এক ছাত্রদল কর্মীর মোটরসাইকেল ঢোকা নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটানো হলে অন্তত পাঁচজন আহত হন। এ ঘটনার জন্য পরস্পরকে দায়ী করেছেন দুই দলের নেতাকর্মীরা।
জেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল তালুকদার বলেন, ‘‘ছাত্রদলের এক কর্মীকে রাস্তা দিয়ে যাওয়ার সময় আটকে রাখে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এলে অতর্কিত হামলা চালায় এনসিপির নেতাকর্মীরা। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’’
তবে, পাল্টা অভিযোগ করেছেন জেলা এনসিপির সাবেক সদস্য সচিব সবুজ তালুকদার। তিনি বলেন, ‘‘ছাত্রদলের এক কর্মী মোটরসাইকেল নিয়ে আমাদের মিছিলে ঢুকে যায় এবং আমাদের এক কর্মীর ওপর হামলা চালায়। পরে আমরা তাকে ধরে রাখলে ছাত্রদলের সদস্য সচিব সোহেল ও তার লোকজন এসে আমাদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়।’’
পালং মডেল থানার ওসি শাহ আলম বলেন, ‘‘এনসিপির মিছিলে একটি মোটরসাইকেল ঢুকে পড়া নিয়ে ছাত্রদলের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’’
