ডেক্স রিপোর্ট: ময়নাতদন্তের জন্য ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে তার মরদেহ মর্গে আনা হয়।
এ সময় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। মরদেহের সঙ্গে হাদির স্বজন, সহযোদ্ধা ও সহকর্মীরাও উপস্থিত ছিলেন। ভোর থেকেই তাকে শেষবারের মতো দেখতে রাজধানীসহ বিভিন্ন স্থান থেকে অসংখ্য মানুষ হাসপাতালে জড়ো হন।
সোহরাওয়ার্দী হাসপাতালে ময়নাতদন্ত শেষে সকাল সাড়ে ১১টার দিকে মরদেহ গোসল করানো হবে। পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মরদেহ নেওয়া হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। সেখানে দুপুর ২টায় শরিফ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
এদিকে, শরিফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার (২০ ডিসেম্বর) দেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। রাষ্ট্রীয় শোক উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি ভবনসহ বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শরিফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণার কথা জানান।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে অস্ত্রোপচার করা হয়। পরিবারের সিদ্ধান্তে পরবর্তীতে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় এবং উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছিল।
