ডেস্ক রিপোর্ট: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় চুরি করতে গিয়ে র্যাব সদস্যের স্ত্রী লিপি খাতুন (৩৫) গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোরে উপজেলার শিমলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
লিপি খাতুন কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর এলাকার মহর উদ্দিনের স্ত্রী। তার স্বামী ঢাকার মোহাম্মদপুর র্যাব-২ এ সহকারী উপ-পরিদর্শক হিসেবে কর্মরত। তিনি শিমলা বাজার এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১০ ডিসেম্বর) রাতে লিপি খাতুন তার মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়েন। ভোরের দিকে চোর ঘরের গ্রিল কেটে ভেতরে ঢোকে। চোরকে চিনে ফেলায় সে লিপিকে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। সকালে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্ছু মিয়া বলেন, শ্বাসরোধে হত্যার পর চোর নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতিও চলছে।
