ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ঘোষণা করা হয়েছে। সন্ধা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
সিইসির ভাষণটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বেসরকারি চ্যানেলগুলোতে প্রচার করা হয়।
সিইসি তার ভাষণে তফসিলের ঘোষণা দিয়ে জানান, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী বছরের ১২ ফেব্রুয়ারি। ওইদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট হবে সাদা-কালো। আর গণভোটের ব্যালটের রং হবে গোলাপি।
দেশের ইতিহাসে এবারই প্রথম একইদিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সিইসি বলেন, নির্বাচন উপলক্ষ্যে মনোনয়ন দাখিলের শেষ দিন ২৯শে ডিসেম্বর, ৩০শে ডিসেম্বর থেকে চৌঠা জানুয়ারি পর্যন্ত চলবে যাচাই-বাছাই।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ শেষে ২২ জানুয়ারি থেকে প্রচার প্রচারণা শুরু করবেন প্রার্থীরা।
এর আগে, গতকাল বুধবার (১০ডিসেম্বর) আনুষ্ঠানিকতা হিসেবে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন সিইসি ও চার নির্বাচন কমিশনার। নির্বাচনের প্রস্তুতির অগ্রগতি রাষ্ট্রপতিকে অবহিত করেন তারা। সুষ্ঠু ও অর্থবহ নির্বাচন আয়োজনে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি। ইসির নির্ভরযোগ্য সূত্রে এসব তথ্য জানা গেছে।
