ডেস্ক রিপোর্ট: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ১০ দিনের মধ্যে দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। বুধবার (১০ডিসেম্বর) সকালে লক্ষ্মীপুর জেলা পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ড মহিলা দলের উঠান বৈঠকে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘আগামী দুই–চারদিন অথবা ১০ দিনের মধ্যে তারেক জিয়া দেশে ফিরবেন। নির্বাচনে অংশ নেবেন। দেশের নেতৃত্বে দেবেন। সেই অপেক্ষায় রয়েছি।’
তিনি বলেন, বেগম খালেদা জিয়ার বর্তমান অবস্থার জন্য আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দায়ী। এ্যানী বলেন, ‘গত ১৭ বছরের হাসিনার অত্যাচার-নির্যাতনে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার এখনকার এই অবস্থা। মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে বন্দি রাখা হয়েছে। শুধু তাই না, যে খাবারগুলো খেতেন, সেগুলোতে বিষ মিশিয়ে দিয়েছেন। সুস্থ মানুষ জেলে গেছেন। সেখান থেকে অসুস্থ হয়ে বের হয়েছেন। এটার জন্য শেখ হাসিনা দায়ী।’
তিনি আরও বলেন,‘বেগম খালেদা জিয়া বর্তমান মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তিনি এত বেশি অসুস্থ, আল্লাহ জানেন কবে নাগাদ তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। বেগম খালেদা জিয়া বেঁচে থাকা মানে, বাংলাদেশের গণতন্ত্রের ভীত শক্তিশালী থাকা। খালেদা জিয়া আমাদের অনুপ্রেরণা। তিনি বিএনপির মনোবল ও সাহস। ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, বেগম খালেদা জিয়া আমাদের পাশে আছেন– এটা আমাদের শক্তি।’
মহিলাদলের নেতাকর্মী ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে করে এ্যানি বলেন, ‘বর্তমান প্রজন্মের নারীরা দেশের নেতৃত্বে দিচ্ছেন। দেশ বদলে গেছে। এখন আর দেশ আগের জায়গায় নেই। বাসায় বসে আয় করার সুযোগ রয়েছে। তাই আগামীতে বিএনপি ক্ষমতায় এলে নারীদের অধিকার নিশ্চিত করা হবে। তাই আপনারা আপনাদের অধিকার বুঝে নেওয়ার সময় এসেছে। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
এসময় বৈঠকে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ভূঁইয়াসহ আরও অনেকেই।
