ডেস্ক রিপোর্ট: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ওয়ার্কশপের আড়ালে পরিচালিত অস্ত্র তৈরির কারখানার মালিক নুর উদ্দিনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার রাতে রাঙামাটি জেলার চন্দ্রঘোনা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া নুর উদ্দিন নোহা অটো ট্রেডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক। তিনি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের জগদীশপুর গ্রামের বাসিন্দা।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের দেওপাড়া গ্রামে নুর উদ্দিনের মালিকানাধীন নোহা অটো ট্রেডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে গোপনে অস্ত্র তৈরি করা হতো।
গত ১ ডিসেম্বর গোয়েন্দা পুলিশ ওই কারখানায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি অস্ত্র ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে। তবে তখন নুর উদ্দিন পালিয়ে যান। এ ঘটনায় তার বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা করা হয়।
এ ছাড়া গত ৭ ডিসেম্বর চন্দ্রগঞ্জ থানা এলাকা সংলগ্ন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের জগদীশপুর গ্রামের মুনু মিঝির বাড়ির সফিউল্যার কবরের পাশে ঝোপের ভেতর থেকে পাঁচটি একনলা বন্দুক ও একটি এলজি উদ্ধার করে জেলা গোয়েন্দা পুলিশ ও চন্দ্রগঞ্জ থানা পুলিশ। উদ্ধার হওয়া এসব অস্ত্র নুর উদ্দিনের ওয়ার্কশপেই তৈরি করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
