ডেস্ক রিপোর্ট: ২০২৬ সালের হজযাত্রীদের জন্য বিমান টিকিটের ওপর আরোপিত আবগারি শুল্ক প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর ফলে সৌদি আরবে যাওয়া-আসার বিমান ভাড়ায় হজযাত্রীদের প্রায় ৫ হাজার টাকা পর্যন্ত খরচ কমবে। বুধবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে।
এনবিআর জানায়, হজযাত্রীদের প্লেনের টিকিটে শুল্ক মওকুফ এবারই প্রথম নয়; এর আগেও একাধিকবার এ ধরনের ছাড় দেওয়া হয়েছে। সাধারণত বিমান টিকিট বিক্রির সময় যাত্রীদের কাছ থেকে ভ্রমণ কর বা আবগারি শুল্ক আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। তবে হজযাত্রীদের বিশেষ বিবেচনায় এবার সেই শুল্ক মওকুফ করা হয়েছে।
ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। ২০২৬ সালে বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
