নিজস্ব প্রতিবেদক: সুন্দরবনের গহীনে পৃথক দুটি অভিযান চালিয়েছে কোস্টগার্ডের সদস্যরা। এতে অস্ত্র ও গোলাবারুসহ দস্যুদের হাতে জিম্মি থাকা চার জেলে উদ্ধার হয়েছে। পাশাপাশি হরিণের মাংসসহ এক শিকারিকে আটক করা হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। রোববার (৭ ডিসেম্বর) রাতে পৃথক দুটি অভিযান পরিচালিত হয় বলে কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।
কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত বাহিনী ‘দুলাভাই গ্রুপের’ সদস্যরা কয়রা নদীর নাগজোড়া খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত রোববার (৭ ডিসেম্বর) রাতে সেখানে অভিযানে নামে কোস্টগার্ড। অভিযানের এক পর্যায়ে একটি এক নলা বন্দুক, এক রাউন্ড ফাঁকা কার্তুজসহ সেখানে জিম্মি থাকা ৪ জেলেকে উদ্ধার করা হয়। এসময় অভিযান এবং কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত বাহিনীর সদস্যরা পালিয়ে যায়। পরে উদ্ধার হওয়া জেলেদের পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং জব্দ করা অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অন্যদিকে, কয়রা নদীর ময়দাপেশা খাল ও তৎসংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে তল্লাশি করে ৭২ কেজি হরিণের মাংস, দুটি মাথা, হরিণ শিকারের ফাঁদসহ চার হরিণ শিকারিকে আটক করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, জব্দ করা হরিণের মাংস, মাথা, শিকারের ফাঁদ এবং আটক ব্যক্তিদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তাছাড়া সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে এবং বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
