ডেস্ক রিপোর্ট: ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি সাততলা ভবনে আগুন লাগার ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছে বলে দেশটির স্থানীয় সম্প্রচার মাধ্যম কমপাস টিভির প্রতিবেদনে বলা হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) আগুন লাগা ভবনটির ভেতরে এখনও কিছু লোকজন আটকে আছে, বলেছে তারা।
আগুন নিভিয়ে ফেলা হয়েছে, ভবনটি থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে, কমপাস টিভির বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ভবনটি টেরা ড্রোন ইন্দোনেশিয়ার কার্যালয়, প্রতিষ্ঠানটি খনি থেকে শুরু করে কৃষি খাতের গ্রাহকদের আকাশপথে তথ্য সংগ্রহ ও পর্যবেক্ষণে প্রয়োজনীয় ড্রোন সরবরাহ করে।
কোম্পানিটি জাপানি ড্রোন প্রতিষ্ঠান টেরা ড্রোন করপোরেশনের অর্থায়নে প্রতিষ্ঠিত বলে তাদের ওয়েবসাইট বলছে।
কমপাস টিভির দেওয়া ভিডিওতে ডজনের বেশি দমকলকর্মী ভবনের ভেতর আটকে থাকা লোকজনকে বের করার চেষ্টা করতে দেখা গেছে। কারও কারও হাতে দেখা গেছে মৃতদেহ বহন করা বডি ব্যাগ।
তবে, কীভাবে আগুন লেগেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
