নিজস্ব প্রতিবেদক: জামালপুর শহরের বেলটিয়া এলাকায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বেলটিয়া এলাকার টাঙ্গাইল-জামালপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের চর জালালের পাড়া গ্রামের শফিকুলের ছেলে বাবু ওরফে দিপু ও জালাল উদ্দিনের ছেলে রাসেল হোসেন। আহত হয়েছেন একই এলাকার শ্যামল মিয়া। তারা সবাই বন্ধু।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের খাবার খেয়ে কেন্দুয়া থেকে জেলা শহরের দিকে মোটরসাইকেলযোগে যাচ্ছিলো তিন বন্ধু। পথে বেলটিয়া এলাকায় পৌঁছালে টাঙ্গাইলগামী একটি মরিচ বোঝাই ট্রাক তাদের মোটারসাইকেলকে চাপা দেয়। এতে সড়কে পড়ে গুরুতর আহত অবস্থায় তিনজনকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিসক দিপু ও রাসেলকে মৃত ঘোষণা করেন এবং আহত অবস্থায় চিকিৎসা নিয়ে বাড়ি চলে যায় শ্যামল।
জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জামাল উদ্দিন বলেন, হাসপাতালে আসার আগেই একজন মারা যায়। আর একজন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। দুইজনকেই মৃত ঘোষণা করা হয়েছে। বাকি একজন অল্প আহত হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জামালপুর থানা পরিদর্শক (তদন্ত) এম নুর মোহাম্মদ বলেন, এ ঘটনায় ট্রাকটি জব্দ করে থানায় আনা হলেও পালিয়ে যায় চালক। নিহতদের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
