ডেস্ক রিপোর্ট: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দেশব্যাপী দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির সহধর্মিণী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে আগামী শুক্রবার বাদ জুমা দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করার জন্য অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি দেশের সব মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য ধর্মাবলম্বীদের উপাসনালয়গুলোতেও নিজ নিজ ধর্মীয় রীতি ও আচার অনুসারে তার সুস্থতার জন্য প্রার্থনার আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে মানবিক দৃষ্টিকোণ ও ধর্মীয় অনুভূতিতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া ও প্রার্থনায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হলে বেগম খালেদা জিয়াকে দ্রুত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকেরা জানান, তার হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।
