ডেস্ক রিপোর্ট: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন শুরু করেছে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)।
আজ মঙ্গলবার দুপুর ২টা ২০ মিনিট থেকে এসএসএফ সদস্যরা ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে বেগম খালেদা জিয়াকে নিরাপত্তা দেওয়া শুরু করেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার দুপুর থেকে ভিআইপি ব্যক্তির বিশেষ নিরাপত্তায় নিয়োজিত এসএসএফ সদস্যরা এভারকেয়ার হাসপাতালে এসে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তায় দায়িত্ব পালন শুরু করেছেন।
এর আগে, গতকাল (১ ডিসেম্বর) সোমবার বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে সরকার। প্রজ্ঞাপনে তার নিরাপত্তায় বিশেষ নিরাপত্তা বাহিনী-এসএসএফ নিয়োগের নির্দেশ দেওয়া হয়।
সরকার বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১ এর ধারা ২ (ক) এ প্রদত্ত ক্ষমতাবলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা দেয়।
