ডেস্ক রিপোর্ট: শিক্ষকদের কর্মবিরতিতে বাগেরহাটে বন্ধ হয়ে গেছে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর বার্ষিক পরীক্ষা। চার দফা দাবিতে সোমবার (১ ডিসেম্বর) সকাল থেকে বাগেরহাটের সব উপজেলার সরকারি বিদ্যালয়গুলোর শিক্ষকরা এই কর্মবিরতি শুরু করেছেন।
শিক্ষকরা বলছেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা কর্মবিরতি পালন করছেন। কেন্দ্রীয় সিদ্ধান্ত যে কদিন থাকবে, সে পর্যন্ত কর্মবিরতি চলবে। আপাতত আজ (১ ডিসেম্বর) পরীক্ষা স্থগিতের নোটিশ দেওয়া হয়েছে।
এদিকে শিক্ষকদের আকস্মিক এই কর্মবিরতির কারণে সোমবার (১ ডিসেম্বর) সকাল থেকে বিদ্যালয়গুলোতে পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীদের ফিরে যেতে দেখা গেছে।
বাগেরহাট সরকারি বালিক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ফাতেমাতুজ জোহরা ইমা বলে, সকালে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে গিয়েছিলাম। স্কুলে পৌঁছে দেখি পরীক্ষা বন্ধের নোটিশ টানানো। এখন পরীক্ষা দিতে না পেরে ফিরে যাচ্ছি।
বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আরিজ আহনাফের বাবা আমিরুল হক বাবু বলেন, শিক্ষকদের দাবি-দাওয়া থাকতে পারে। তাই বলে শিক্ষার্থীদের জিম্মি করা একটা বাজে নজির হয়ে থাকবে।
বাগেরহাট জেলা সদর ছাড়াও মোংলা, কচুয়া, মোড়েলগঞ্জসহ জেলার নয় উপজেলার সবগুলো সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা একসঙ্গে এই কর্ম বিরতি পালন করছেন। বার্ষিক পরীক্ষার মাঝে এমন কর্মসূচিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন অভিভাবকরা।
এ বিষয়ে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, আমরা গতকালই শিক্ষকদের সঙ্গে কথা বলেছিলাম। সারাদেশেই এ কর্মসূচি হচ্ছে। আমরা আবারও শিক্ষকদের সঙ্গে কথা বলছি।
