ডেস্ক রিপোর্ট: খুলনা মহানগর দায়রা জজ আদালতের প্রধান ফটকের বাইরে রোববার (৩০ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে দুর্বৃত্তদের গুলিতে দুই জন নিহত হয়েছেন। নিহতরা হলেন, মো. ফজলে রাব্বি (রাজন) ও হাসিব হাওলাদার।
খুলনা সদর থানার ওসি শফিকুল ইসলাম জানান, রাজনের নামে ছয়টি মামলা রয়েছে এবং হাসিবের নামেও একাধিক মামলা আছে। দুজনই শীর্ষ সন্ত্রাসীদের সহযোগী হিসেবে পরিচিত।
প্রত্যক্ষদর্শীরা জানান, আদালতে হাজিরা দেওয়ার পর দুজন মোটরসাইকেল রেখে ফটকের কাছে চা পান করছিলেন। এ সময় চার থেকে পাঁচজন দুর্বৃত্ত এসে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।
গুলিবিদ্ধ হওয়ায় রাজন ও হাসিব মাটিতে পড়ে গেলে দুর্বৃত্তরা চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাদের জখম করে। পরে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহত দুজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
গুলিবিদ্ধ হাসিবের ভাই শাকিল হাওলাদার জানান, তাঁর ভাই সম্প্রতি একটি অস্ত্র মামলা সংক্রান্ত হাজিরা দিতে আদালতে এসেছিলেন।
খুলনা মহানগর পুলিশের খুলনা জোনের সহকারী কমিশনার শিহাব করিম বলেন, “আমরা ঘটনাস্থলে উপস্থিত এবং তদন্ত শুরু করেছি। কে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং কেন তা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।”
