ডেস্ক রিপোর্ট: একটানা এক সপ্তাহ ধরে চলা বৃষ্টি, বন্যা ও ভূমিধসে ভিয়েতনামের মধ্যাঞ্চলে মৃত্যু বেড়ে ৫৫ তে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা।
এর বাইরে ১৩ জন এখনও নিখোঁজ রয়েছেন বলে সংস্থাটি শনিবার (২২ নভেম্বর) জানিয়েছে।
গত এক সপ্তাহ ধরে মধ্য ভিয়েতনামজুড়ে তুমুল বর্ষণ দেখা যাচ্ছে। বৃষ্টিপাত কোথাও কোথাও এক হাজার ৯০০ মিলিমিটার (৭৪ দশমিক ৮ ইঞ্চি) ছাড়িয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
নিয়মিত ঝড়, বন্যার সাক্ষী হওয়া ভিয়েতনামের এই এলাকাটি অন্যতম গুরুত্বপূর্ণ কফি উৎপাদন অঞ্চল, এখানে বেশ কয়েকটি জনপ্রিয় সমুদ্রসৈকতও আছে।
ডাক লাক প্রদেশেই ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। খান হোয়া প্রদেশে মারা গেছে আরো ১৪ জন।
এই বন্যায় অর্থনৈতিক ক্ষয়ক্ষতি ৩৪ কোটি ডলার ছাড়িয়ে গেছে বলে অনুমান করছে দেশটির সরকার।
বন্যায় এখন পর্যন্ত ২ লাখ ৩৫ হাজারের বেশি বাড়িঘর তলিয়েছে এবং প্রায় ৮০ হাজার হেক্টর কৃষি জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ভিয়েতনামের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা।
