ডেস্ক রিপোর্ট: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দর্শকদের জন্য এক বিশেষ আয়োজন— শুক্রবার (৭ নভেম্বর) খুলনায় প্রেক্ষাগৃহে মুক্তি পেল আলোচিত তরুণ নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলামের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দেলুপি’। ‘শাটিকাপ’ ও ‘সিনপাট’-এর পর এ সিনেমা নিয়েই ফের আলোচনায় তাওকীর।

সিনেমাটির নির্মাতা সূত্রে জানা গেছে, খুলনার লিবার্টি সিনেপ্লেক্সে প্রথম প্রদর্শনের মাধ্যমে ‘দেলুপি’র আনুষ্ঠানিক মুক্তি হয়। পাশাপাশি আগামী ১০, ১১ ও ১২ নভেম্বর খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে প্রতিদিন চারটি করে বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। আর আগামী ১৪ নভেম্বর থেকে সারাদেশের প্রেক্ষাগৃহে দেখা যাবে ছবিটি।
এর আগে গত বুধবার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের দারুণ মল্লিক প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় সিনেমাটির প্রিমিয়ার শো। গ্রামীণ সেই পরিবেশে যেন উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। স্থানীয় মানুষজন, স্কুলশিক্ষার্থী ও অতিথিদের উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় আনন্দমেলায়।
প্রথমে খুলনায় সিনেমা মুক্তি দেওয়ার কারণ জানিয়ে পরিচালক তাওকীর ইসলাম বলেন,
“এই অঞ্চলের মানুষ ও তাদের জীবন থেকেই ‘দেলুপি’র গল্পের জন্ম। তাই চেয়েছি, তারাই প্রথম সিনেমাটি দেখুক। এজন্যই প্রিমিয়ার করেছি তাদের স্কুল মাঠেই।”
তিনি আরও জানান, স্থানীয় দর্শকদের উৎসাহই তাকে অনুপ্রাণিত করেছে। “এই ভালোবাসাই আমার কাছে সবচেয়ে বড় অর্জন,” বলেন তাওকীর।
প্রিমিয়ার প্রদর্শনীতে বিপুল দর্শক উপস্থিত ছিলেন। সিনেমা শেষে তাদের চোখে-মুখে ফুটে উঠেছিল আবেগ ও উচ্ছ্বাসের ছাপ। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য বদিয়ার রহমান বলেন,
“আমাদের জীবনের কষ্ট, নদীভাঙনের ভয়—সবকিছুই এই সিনেমায় যেন জীবন্ত হয়ে উঠেছে। ‘দেলুপি’ আমাদের গল্পকে বিশ্বের সামনে তুলে ধরবে।”
তাওকীর ইসলাম এর আগেও স্থানীয় আবহ ও বাস্তব জীবনের গল্প নিয়ে কাজ করেছেন। ২০২২ সালে রাজশাহীতে নির্মিত তার ওয়েব সিরিজ ‘শাটিকাপ’ সমালোচকদের প্রশংসা কুড়ায়, আর ২০২৪ সালের ‘সিনপাট’ তাকে তরুণ নির্মাতাদের শীর্ষ সারিতে স্থান করে দেয়।
‘দেলুপি’ প্রযোজনা করেছে ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন। খুলনা থেকেই যাত্রা শুরু করা এই সিনেমাটি এখন দেশব্যাপী আলোচনার কেন্দ্রে।
আরো পড়ুন : খুলনার লোকজ গল্পে নির্মিত তাওকীরের নতুন সিনেমা ‘দেলুপি’
