ডেস্ক রিপোর্ট: নিউইয়র্কের বিজয় সমাবেশে এক অনন্য দৃশ্য—জোহরান মামদানির ভাষণ শেষ হতেই বাজতে শুরু করে বলিউডের জনপ্রিয় গান ‘ধুম মচালে’। মুহূর্তেই উচ্ছ্বাসে ফেটে পড়ে ব্রুকলিনের সমাবেশস্থল। যেন বলিউডের ঝলকেই ধরা দিল নিউইয়র্কের রাজনীতির নতুন অধ্যায়।

নির্বাচনী প্রচারণাতেও ছিল একই রকম বলিউডের রঙ। জোহরানের নির্বাচনী পোস্টারগুলো তৈরিতেও ব্যবহৃত হয়েছে ভারতীয় সিনেমার ক্লাসিক পোস্টার–শৈলীর অনুপ্রেরণা। পোস্টারের ডিজাইনার অনীশ ভূপাথি জানান, জোহরান নিজেই বেশ কিছু পুরোনো বলিউড পোস্টার পাঠিয়ে ডিজাইনের দিকনির্দেশনা দেন।
অনীশ বলেন, “জোহরান চেয়েছিলেন প্রচারণার ভিজ্যুয়াল যেন সাধারণ রাজনৈতিক ব্যানারের মতো না হয়। আমরা চেয়েছিলাম সেটি হোক দক্ষিণ এশীয় সংস্কৃতির পরিচায়ক—রঙে, ফন্টে, গঠনে।”
ডিজাইনে ব্যবহার করা হয় সাহসী টাইপফেস, ছায়া প্রভাব, আর চোখে পড়া রঙের সংমিশ্রণ—রয়্যাল ব্লু, ক্র্যানবেরি রেড ও মেরিগোল্ড ইয়েলো। কেন্দ্রবিন্দুতে থাকে কাস্টম ডিজাইন করা সেরিফ ফন্টে বড় করে লেখা ‘ZOHRAN’, যা তৈরি হয়েছিল ক্লাসিক হিন্দি সিনেমার পোস্টার স্টাইল থেকে অনুপ্রাণিত হয়ে।
ভূপাথি আরও বলেন, “আমরা ‘Boheld’ নামের একটি ফন্ট দিয়ে শুরু করি। Z অক্ষরটির নকশা ছিল দুর্দান্ত। সেই অক্ষর ঘিরেই পুরো টাইপফেসটি নতুনভাবে সাজানো হয়, যাতে এটি প্রচলিত রাজনৈতিক ফন্ট থেকে আলাদা হয়।”
গত জুনে ডেমোক্র্যাটিক প্রাইমারিতে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমোকে পরাজিত করার পর থেকেই জোহরান তার প্রচারণায় বলিউডের গল্প বলার ধারা ব্যবহার করেন, বিশেষ করে অভিবাসী ও শ্রমজীবী ভোটারদের সঙ্গে সংযোগ গড়তে।
আরো পড়ুন : টেলর সুইফটের সিদ্ধান্তে থমকে গেল সুপার বোল আলোচনা
