ডেস্ক রিপোর্ট: জনপ্রিয় সুরকার ও সংগীত পরিচালক ইমন সাহা এবার নতুন পরিচয়ে হাজির হচ্ছেন—পরিচালক হিসেবে। ৭ নভেম্বর মুক্তি পাচ্ছে তার প্রথম পরিচালিত মিউজিক্যাল চলচ্চিত্র ‘সাইলেন্স: আ মিউজিক্যাল জার্নি’।

চলচ্চিত্রটির প্রদর্শনের জন্য চূড়ান্ত হয়েছে প্রেক্ষাগৃহের তালিকাও। জানা গেছে, ‘সাইলেন্স’ দেখা যাবে স্টার সিনেপ্লেক্সের পাঁচটি শাখায়, পাশাপাশি ব্লকবাস্টার, লায়ন, শ্যামলী সিনেমা হল, বগুড়ার মম ইন, গ্র্যান্ড সিলেট, সাভারের সেনা অডিটোরিয়াম, নারায়ণগঞ্জের সিনেস্কোপ, কুষ্টিয়ার স্বপ্নীল এবং চট্টগ্রামের সুগন্ধা সিনেমা হলে।
‘সাইলেন্স: আ মিউজিক্যাল জার্নি’-তে তুলে ধরা হয়েছে এক গ্রামের বাউল পরিবারের মেয়ের সংগীতজীবনের গল্প। গানের টানে শহরে পা রাখা মেয়েটি ধীরে ধীরে খ্যাতি ও আলো–ঝলমলে জীবনের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। কিন্তু সেই যাত্রায় সে হারিয়ে ফেলে নিজের ভেতরের আসল সংগীত–সত্তা।
পরিচালক ইমন সাহা বলেন, “গ্রামীণ ফোক সঙ্গীত থেকে শুরু করে শহুরে গ্ল্যামার জগত—এই দুই দিকের সংঘাতই সিনেমাটির মূল সুর। এখানে জাগতিক আকর্ষণ আর আধ্যাত্মিক অনুসন্ধানের এক সূক্ষ্ম ভারসাম্য দেখানোর চেষ্টা করেছি।”
চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন সাইমন সাদিক, নীলাঞ্জনা নীলা, ইন্তেখাব দিনার, আজাদ আবুল কালামসহ আরও অনেকে।‘সাইলেন্স: আ মিউজিক্যাল জার্নি’ শুধু সুরের নয়, এটি এক নারীর আত্ম-অনুসন্ধানের গল্পও—যেখানে গান হয়ে উঠেছে জীবন ও আত্মার সেতুবন্ধন।
আরো পড়ুন : চঞ্চল-মোশাররফ একসঙ্গে ফিরে আসছেন ?-‘বনলতা এক্সপ্রেস’
