ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের ব্যাংকিং খাতে বড় ধাক্কা লেগেছে। আর্থিকভাবে বিপর্যস্ত পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংককে অকার্যকর ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে।
বুধবার (৫ নভেম্বর ২০২৫) বাংলাদেশ ব্যাংকের প্রস্তাব ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
অকার্যকর ঘোষিত ব্যাংকগুলো হলো—
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি,
গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি,
ইউনিয়ন ব্যাংক পিএলসি,
এক্সিম ব্যাংক পিএলসি,
এবং সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি।
বাংলাদেশ ব্যাংক থেকে প্রেরিত পৃথক চিঠিতে জানানো হয়েছে, আজ থেকেই এসব ব্যাংকের পরিচালনা পর্ষদের কার্যক্রম স্থগিত করা হয়েছে। এখন থেকে ব্যাংকগুলো ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশের আওতায় পরিচালিত হবে।
প্রশাসক হিসেবে কারা দায়িত্ব নেবেন এবং তাঁদের করণীয় কী হবে, তা ইতোমধ্যে নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। প্রশাসকরা দায়িত্ব গ্রহণের পর প্রথম ধাপে প্রত্যেক আমানতকারীকে আমানত সুরক্ষা তহবিল থেকে দুই লাখ টাকা পর্যন্ত ফেরত দেওয়া হবে বলে জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তকে দেশের ব্যাংকিং খাতের জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন ধরে এই ব্যাংকগুলোর তারল্য সংকট ও দুর্বল ব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ ছিল, যা শেষ পর্যন্ত অকার্যকর ঘোষণার কারণ হয়ে দাঁড়ায়।
আরও পড়ুন: অক্টোবরে রপ্তানি কমেছে ৭.৪৩%, টানা তিন মাস পতনে বাংলাদেশ
Find us on Facebook
