ডেস্ক রিপোর্ট: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ধীরে ধীরে ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে। ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, এই ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হবে ‘মন্থা’, যা থাইল্যান্ডের প্রস্তাবিত নাম।
আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপটি আগামী সোমবার (২৭ অক্টোবর) শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে এবং পরদিন মঙ্গলবার (২৮ অক্টোবর) ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের কাকিনাদা উপকূলে আঘাত হানতে পারে।
ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ক্রনিকল জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘মন্থা’ উপকূলে আছড়ে পড়ার সময় ঘণ্টায় ৯০ থেকে ১১০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এ সময় উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।
আইএমডি আরও জানায়, ঝড়টি বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিম ও সংলগ্ন মধ্যাঞ্চল অতিক্রম করে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। বর্তমানে এটি আন্দামান সাগর এলাকায় সক্রিয় রয়েছে।
ভারতের উপকূলীয় রাজ্যগুলো—অন্ধ্রপ্রদেশ, ওডিশা ও তেলেঙ্গানার প্রশাসন সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত রয়েছে। জেলেদের সাগরে না যেতে নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরও ঘূর্ণিঝড়টির গতিবিধি পর্যবেক্ষণ করছে। বিশেষজ্ঞরা বলছেন, আপাতত ঝড়টি বাংলাদেশের উপকূলে সরাসরি প্রভাব ফেলবে না, তবে সমুদ্রের ঢেউ ও বাতাসের গতিবেগ কিছুটা বৃদ্ধি পেতে পারে।
