ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক গণমাধ্যমে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন বিজেআইএম (বাংলাদেশ জার্নালিস্টস ইন ইন্টারন্যাশনাল মিডিয়া) গভীর উদ্বেগ জানিয়েছে তাদের সদস্য ও বিশিষ্ট অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান-এর যাচাইকৃত ফেসবুক অ্যাকাউন্ট অদৃশ্য হয়ে যাওয়ার ঘটনায়। সংগঠনটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ঘটনাটি একটি পরিকল্পিত সাইবার হামলার ফলাফল হতে পারে।
বিজেআইএম এক প্রেস বিবৃতিতে জানিয়েছে, এটি সায়ের খানের অ্যাকাউন্ট হ্যাক করার দ্বিতীয় প্রচেষ্টা, যা বাংলাদেশে সংবাদমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের ওপর গুরুতর হুমকি হিসেবে দেখা হচ্ছে।
সংগঠনটি আরও বলেছে, “এই ধরনের হামলা সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে, যা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।”
বিজেআইএম সাংবাদিক জুলকারনাইন সায়ের খানের প্রতি পূর্ণ সংহতি জানিয়েছে এবং আন্তর্জাতিক আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা ঘটনাটি নিয়ে দ্রুত ও পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনা করে অপরাধীদের শনাক্ত ও বিচারের আওতায় আনে।
উল্লেখ্য, জুলকারনাইন সায়ের খান আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সংক্রান্ত নানা অনুসন্ধানী প্রতিবেদনের জন্য পরিচিত, যার মধ্যে রয়েছে দুর্নীতি, মানবাধিকার ও রাজনৈতিক স্বচ্ছতা বিষয়ক রিপোর্ট।
