ডেস্ক রিপোর্ট: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা ১৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সংক্রান্ত অনুমোদন দিয়ে আজ মঙ্গলবার অর্থ মন্ত্রণালয় থেকে একটি চিঠি জারি করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, বিদ্যমান বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় আগামী ১ নভেম্বর থেকে বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৭.৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২,০০০ টাকা) প্রদান করা হবে। পরবর্তী ধাপে ২০২৬ সালের ১ জুলাই থেকে আরও ৭.৫ শতাংশ যোগ হয়ে মোট ১৫ শতাংশ (সর্বনিম্ন ২,০০০ টাকা) হারে কার্যকর হবে।
চিঠিতে শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে, পরবর্তী বেতন কাঠামোতে এ অতিরিক্ত সুবিধা সমন্বয় করতে হবে। এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্ট নীতিমালা, প্রজ্ঞাপন, পরিপত্র ও সরকারি আদেশ অনুসরণপূর্বক নিয়োগের শর্তাদি মানতে হবে।
এছাড়া জানানো হয়েছে, বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির ক্ষেত্রে কোনো বকেয়া প্রদান করা হবে না এবং অর্থ প্রদানের সময় সব আর্থিক বিধি-বিধান কঠোরভাবে অনুসরণ করতে হবে। ভবিষ্যতে কোনো অনিয়ম ধরা পড়লে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন। এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রশাসনিক মন্ত্রণালয়কে সরকারি আদেশ (জিও) জারি করে চার কপি অর্থ বিভাগে পাঠাতে বলা হয়েছে।
অর্থ বিভাগের ১৬ অক্টোবর জারিকৃত পূর্ববর্তী (প্রবিধি-৩ শাখা, স্মারক নং ২৬০) পত্রটি এ সিদ্ধান্তের মাধ্যমে বাতিল করা হয়েছে।
শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেন, “শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণের মাধ্যমে শিক্ষা খাতে এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। শিক্ষক সমাজের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি।”
তিনি আরও বলেন, “এই সিদ্ধান্ত বাস্তবায়নের পথ সহজ ছিল না। নানা মতভেদ ও চ্যালেঞ্জ সত্ত্বেও শিক্ষা মন্ত্রণালয় দায়িত্বশীলভাবে একটি ন্যায্য ও টেকসই সমাধানের পথে এগিয়েছে।”
সি আর আবরার আশাবাদ ব্যক্ত করেন, “গুণগত শিক্ষা বিস্তারের মাধ্যমে শিক্ষক সমাজের মর্যাদা আরও দৃঢ় হবে এবং বাংলাদেশ শিক্ষা খাতে আরও এগিয়ে যাবে।”
