ডেস্ক রিপোর্ট: ঈদুল আজহায় মুক্তি পাওয়া তারকাখচিত চলচ্চিত্র ‘উৎসব’ বক্স অফিসে অপ্রত্যাশিত সাফল্য দেখিয়েছে। কমার্শিয়াল ঘরানায় না হয়েও দর্শকের ভালোবাসা পেয়েছে ছবিটি। সেই সফলতার ধারাবাহিকতায় এবার নতুন সিনেমা নির্মাণে ব্যস্ত হয়ে উঠেছেন পরিচালক তানিম নূর। হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস ‘কিছুক্ষণ’ থেকে অনুপ্রাণিত হয়ে তিনি তৈরি করছেন ‘বনলতা এক্সপ্রেস’।

গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে ৫২ সেকেন্ডের একটি মোশন ভিডিও প্রকাশ করে ছবির নাম জানানো হয়। সেখানে দেখা যায়, দ্রুতগতিতে এগিয়ে চলা একটি ট্রেনের দৃশ্য, আর পেছনে বাজছে অর্থহীনের জনপ্রিয় গান ‘চাইতেই পারো’। ভিডিওতে লেখা ছিল— ‘আগামী রোজার ঈদে আসছে আরেক ছায়াছবি, সঙ্গে রয়েছে দ্য ম্যাজিশিয়ান হুমায়ূন আহমেদ। উৎসবের পর তানিম নূরের বনলতা এক্সপ্রেস, ট্রেন মিস করবেন না কিন্তু।’
আনুষ্ঠানিক ঘোষণা না এলেও গুঞ্জন আছে, কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে পারেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ এবং সাবিলা নূর। দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে বিশেষ করে মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরীর জুটি। প্রায় এক যুগ পর গত ঈদুল আজহায় সঞ্জয় সমদ্দারের ‘ইনসাফ’ সিনেমায় স্বল্প সময়ের জন্য একসঙ্গে দেখা গিয়েছিল তাদের। এবার পূর্ণাঙ্গ চরিত্রে তাঁদের একসঙ্গে দেখার সম্ভাবনা তৈরি হওয়ায় আলোচনায় এসেছে ছবিটি।
পরিচালক তানিম নূর ইতিমধ্যেই জানিয়েছেন, দুজন জনপ্রিয় অভিনেতাকেই তিনি এই প্রজেক্টে চান। নির্মাতা সূত্রে জানা গেছে, এখনো চিত্রনাট্য লেখা চলছে। পরিকল্পনা অনুযায়ী সবকিছু এগোলে ডিসেম্বরেই শুরু হবে ‘বনলতা এক্সপ্রেস’-এর শুটিং।
আরো পড়ুন : খুলনার লোকজ গল্পে নির্মিত তাওকীরের নতুন সিনেমা ‘দেলুপি’
