ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও গ্ল্যামারকেন্দ্রিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘লাক্স সুপারস্টার’ দীর্ঘ বিরতির পর আবারও নতুন মাত্রায় শুরু হয়েছে। প্রায় সাত বছর পর ফিরে আসা এই আসরে এবার সহযোগী প্রতিষ্ঠান হিসেবে যুক্ত হয়েছে শীর্ষস্থানীয় বিউটি ই-কমার্স প্ল্যাটফর্ম সাজগোজ।

দেশের নানা জেলা ও অঞ্চল থেকে ১১ হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে, যা এ আয়োজনের ইতিহাসে সবচেয়ে বড় অংশগ্রহণ হিসেবে বিবেচিত হচ্ছে। প্রতিযোগিতায় এই বিপুল সাড়া ইতোমধ্যে বিনোদন অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।
শুধু প্রতিযোগিতাই নয়, পুরো আয়োজন সাজানো হয়েছে লাইভ অডিশন, গ্রুমিং ক্যাম্প ও দক্ষতা উন্নয়ন সেশনের সমন্বয়ে। নতুন মুখগুলোকে প্রস্তুত করে তোলাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।সাজগোজ-এর অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ফারহানা এ. প্রীতি জানান,“লাক্সের সঙ্গে আমাদের সম্পর্ক আগে থেকেই রয়েছে। এবার আনুষ্ঠানিকভাবে এই প্ল্যাটফর্মের অংশ হতে পারা আমাদের জন্য আনন্দের।”

শিল্প সংশ্লিষ্ট অনেকেই মনে করছেন, লাক্স সুপারস্টার আর সাজগোজের অংশীদারিত্ব বিউটি ইন্ডাস্ট্রি ও ই-কমার্স সেক্টরে বড় ধরনের পরিবর্তনের সুযোগ তৈরি করবে।বিনোদন অঙ্গনে ক্যারিয়ার গড়ার অন্যতম পথপ্রদর্শক হিসেবে লাক্স সুপারস্টার বরাবরই পরিচিত। অন্যদিকে সাজগোজ দেশের নারীদের লাইফস্টাইল ও সৌন্দর্যসেবায় অনলাইন মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
