ডেস্ক রিপোর্ট: চীনের সঙ্গে বাণিজ্য সহজ করতে বাংলাদেশকে করাচি বন্দর ব্যবহারের প্রস্তাব দিয়েছে পাকিস্তান। ইসলামাবাদ বলছে, এই উদ্যোগ বাস্তবায়ন হলে আঞ্চলিক সামুদ্রিক সংযোগ ও বাণিজ্য সম্প্রসারণে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
আগামী ২৭ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) বৈঠকে এ প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে। দুই দশক পর এটি দুই দেশের প্রথম জেইসি বৈঠক।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) জানায়, বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) ও পাকিস্তান ন্যাশনাল শিপিং কর্পোরেশনের (পিএনসিসি) মধ্যে একটি সমঝোতা স্মারক সইয়ের বিষয়ও আলোচনায় আসবে।
পাকিস্তান মনে করছে, করাচি বন্দরের মাধ্যমে সরাসরি জাহাজ চলাচল শুরু হলে চীন থেকে বাংলাদেশে বা বাংলাদেশ থেকে চীনে পণ্য পরিবহন আরও সহজ ও কম ব্যয়সাপেক্ষ হবে। এতে রপ্তানি বৃদ্ধি ও আঞ্চলিক বাণিজ্য শক্তিশালী হবে।
বর্তমানে দুই দেশের বার্ষিক বাণিজ্য প্রায় ৮০০ মিলিয়ন ডলার, যেখানে বাংলাদেশের রপ্তানি মাত্র ৫৭ মিলিয়ন ডলার। বিশেষজ্ঞরা বলছেন, করাচি বন্দর ব্যবহার শুরু হলে রপ্তানি বহুমুখীকরণ ও নতুন বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।
