বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে এক বার্তায় দেশের কৃষকদের ক্ষমতায়নের মাধ্যমে খাদ্যনিরাপদ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে যে যাত্রা দুর্ভিক্ষ থেকে স্বয়ংসম্পূর্ণতার দিকে শুরু হয়েছিল, তা বেগম খালেদা জিয়ার সময় আরও বিস্তৃত হয়। এখন বিএনপির লক্ষ্য “ন্যায়ভিত্তিক ও পুষ্ট বাংলাদেশ” গঠন করা, যেখানে কৃষক, সরকার ও জনগণের মধ্যে অংশীদারিত্বের মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব হবে।
তারেক রহমান বলেন, “আমাদের জাতিকে যারা খাদ্য জোগায়, সেই কৃষকরাই বাংলাদেশের আসল শক্তি। তাঁদের শ্রম, ত্যাগ ও স্থিতিশীলতার ওপরই দেশের ভিত্তি।”
তিনি উল্লেখ করেন, সত্যিকারের খাদ্যনিরাপত্তা নিশ্চিত হয় সরকার, উদ্যোক্তা ও স্থানীয় সম্প্রদায়ের সমন্বিত প্রচেষ্টায়। জিয়াউর রহমানের সেচ সম্প্রসারণ, খাল পুনর্খনন ও বহু ফসল চাষের উদ্যোগ এবং খালেদা জিয়ার সার ভর্তুকি, গ্রামীণ বিদ্যুতায়ন ও ‘ফুড ফর ওয়ার্ক’ কর্মসূচির উদাহরণ টেনে তিনি বলেন, “এই ভিত্তির ওপরই আমাদের দাঁড়াতে হবে।”
বর্তমান খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি, পানির সংকট ও জলবায়ু হুমকির প্রেক্ষিতে তিনি আহ্বান জানান, নতুন প্রযুক্তি, উদ্ভাবন ও সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ যেন শুধু নিজস্ব জনগণের জন্য নয়, আশ্রয়প্রার্থী রোহিঙ্গাসহ সকলের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করে।
তারেক রহমান ছয় দফা কর্মপরিকল্পনা ঘোষণা করেন—
১) কৃষক কার্ড উদ্যোগ
২) জলবায়ু সহনশীল কৃষি
৩) পানি-সুরক্ষিত চাষ
৪) পুষ্টি ও মানব উন্নয়ন
৫) কৃষি ভিত্তিক অর্থনৈতিক ক্ষমতায়ন
৬) পরিবেশ ও স্থায়িত্ব
তিনি উপসংহারে বলেন, “বাংলাদেশের শক্তি সেই হাতেই, যা মাটিকে চাষ করে। বিএনপি সেই হাতগুলোকে শক্তিশালী করবে—যাতে তারা জাতির ভবিষ্যৎ গড়তে পারে।”
